ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাতক্ষীরায় সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, যুবক আটক

২০২৬ নভেম্বর ২৮ ১৭:৫৬:২৯
সাতক্ষীরায় সেনা সদস্য পরিচয়ে প্রতারণা, যুবক আটক

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভুয়া সেনা সদস্য পরিচয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন আমির হামজা নামে এক যুবক। শুক্রবার রাতে তাকে সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা এলাকা থেকে আটকের পর পুলিশে সেপার্দ করে স্থানীয় জনতা।আমির হামজা জেলার দেবহাটা উপজেলার পুষ্পকাটি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি সাতক্ষীরা আদালতে আইনজীবী সহকারী হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার সন্ধ্যার পর সেনা সদস্য পরিচয়ে বিয়ের কথা বলে পরানদহা গ্রামে মেয়ে দেখতে যান আমির হামজা। কথাবার্তার একপর্যায়ে তার পরিচয় ও আচরণ সন্দেহজনক মনে হয় মেয়ের পরিবারের সদস্যদের। পরে তার ভুয়া পরিচয়ের বিষয়টি সামনে এলে স্থানীয়রা তাকে আটকে রেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। ওই সময় তার কাছ থেকে ভুয়া সেনাবাহিনীর পরিচয়পত্র ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জাতীয় পরিচয়পত্রে তার নাম আমির হামজা উল্লেখ থাকলেও সেনাবাহিনীর পরিচয়পত্রে নাম রয়েছে মিনাজ উদ্দীন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারনা মামলা হয়েছে। আজ শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/নভেম্বর ২৮, ২০২৬)