প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মূল আসামী ধরা ছোঁয়ার বাইরে
হাজীগঞ্জে চুরি যাওয়া প্রাইভেটকার আশাশুনিতে উদ্ধার, গ্রেপ্তার ২
২০২৬ নভেম্বর ২৮ ১৯:১০:৫১
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের বাউসুলী (মান্দারা) মাছের ঘের থেকে চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানাধীন আবুল কামেমের চুরি যাওযা সাদা রং এর করোলা প্রাইভেটকার উদ্ধারের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে তাদেরকে ঢাকার কদমতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর জেলার শিবচর থানাধীন চরজানাজাত গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রাশেদুল ইসলাম ও চাঁদপুর জেলা সদরের শ্রীরামদি গ্রামের আব্দুল আউয়ালের ছেলে মোঃ হেলাল।
চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার উপপরিদর্শক ও ওই থানায় ১৯ অক্টোবর দায়েরকৃত ৩৩ নং চুরি মামলার তদন্তকারি কর্মকর্তা নূরে আলম জানান, হাজিগঞ্জ পৌরসভার হাকিমাবাদ গ্রামের আবুল কাশেমের সাদা রং এর করোলা প্রাইভেটকারটি((ঢাকা মেট্রো-গ-২৫-৩২১৯)) গত ২৩ অক্টোবর ভোরে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাউশুলী গ্রামের খোকন সরদারের বাড়ির উত্তর পার্শ্বে একটি ঘের সংলগ্ন ফাঁকা জায়গা (যুবদল নেতা আবু জাহিদ সোহাগের ঘের) থেকে উদ্ধার করেন। এ ঘটনায় রাতেই ঢাকার কদমতলী থেকে রাশেদুল ইসলাম ও হেলালকে গ্রেপ্তার করেন। তবে মূল চোর ও তাদেও অন্য সহযোগীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
আজ শনিবার সকালে নূরে আলম আরো জানান, ঘটনার তদন্তে তিনি জানতে পারেন যে, আবুল কাশেমের প্রাইভেটকারটির মূল চোরের কাছ থেকে নিয়ে আশাশুনির বাউশুলী গ্রামের এক ঘের কর্মচারি (আগে মোটর মিস্ত্রীর কাজ করতো) ইলিয়াসের মাধ্যমে প্রাইভেটকারটি কেনার লক্ষে কিছু টাকা রাশেদুলকে দেন আবু জাহিদ সোহাগ। সেখান থেকে সোহাগ চোরাই প্রাইভেটকারটি ব্যবহার করতেন। এ সময় রাশেদুল একটি স্টাম্পে লিখিত কাগজপত্র করে দিতে চাইলে মালিকের মূল কাগজপত্র চান সোহাগ। মূল কাগজপত্র তাড়াতাড়ি নিয়ে আসার কথা বলে বিলম্ব করতে থাকে রাশেদুল। ফলে চুক্তির অবশিষ্ঠ টাকাও দেননি সোহাগ। এরই একপর্যায়ে গত ২৩ নভেম্বর ভোরে খোকন সরদারের বাড়ির উত্তর পাশের ঘের সংলগ্ন ফাঁকা জায়গা (সোহাগের ঘেরের মধ্যে) থেকে উদ্ধার করা হয়। রাতে ঢাকার কদমতলী থেকে রাশেদুল ও হেলালকে গ্রেপ্তার করা সম্ভব হলেও মূল চোর ও তার সহযোগী এখনো ধরা ছোঁয়ার বাইরে। তবে যিনি গাড়িটি ব্যবহার করতেন ও যার ঘেরের এলাকা থেকে প্রাইভেটকাটি উদ্ধার হয়েছে তিনি কেন চুরির অভিযোগ থেকে অব্যহতি পাবেন এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান। তবে ঘের কর্মচারি ইলিয়াস রাশিদুলের মাধ্যমে গাড়িটি সোহাগের কাছে হস্তান্তর করেছে এমন কথা তিনি উড়িয়ে দেননি। যেটা খোকন সরদার ও আবু জাহিদ সোহাগের ঘেরের কর্মচারি এনামুল শেখ ওই প্রাইভেটকারটি যুবদল নেতা সোহাগ বেশ কিছুদিন ধরে ব্যবহার করতেন বলে ২৩ নভেম্বর পুলিশ ও সাংবাদিকদের জানিয়েছিলেন।
তবে হাজিগঞ্জের চোরাই প্রাইভেট কার আশাশুনির যুবদল নেতা আবু জাহিদ সোহাগের ঘের থেকে উদ্ধার সংক্রান্ত নিউজ প্রত্রিকায় প্রকাশিত হওয়ার পর তিনি সংবাদ সম্মেলন করে ও বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান যে, গাড়িটি ইলিয়াস রেন্ট এ কার হিসেবে ব্যবহার করতো। ওই গাড়িটি চুরি বা ব্যবহারের সাথে তার কোন সম্পৃক্ততা নেই। যাহা পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের সাথে সাংঘর্ষিক।
(আরকে/এসপি/নভেম্বর ২৮, ২০২৬)
