প্রচ্ছদ » মুক্তচিন্তা » বিস্তারিত
অর্ডার হারাচ্ছে বাংলাদেশ: পোশাকশিল্পের ভবিষ্যৎ কোথায়?
২০২৬ নভেম্বর ২৯ ১৭:২৯:১৪
মীর আব্দুল আলীম
একসময় বাংলাদেশের পোশাকশিল্প ছিল অর্থনীতির সবচেয়ে বড় শক্তিগুলোর একটি। লাখ লাখ মানুষের কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং দেশের আন্তর্জাতিক পরিচিতি সবকিছুর সঙ্গে এই শিল্পের সাফল্য জড়িয়ে আছে। বিশ্ববাজারে ‘মেড ইন বাংলাদেশ’ পরিচিতি তৈরি করতে উদ্যোক্তারা বছরের পর বছর পরিশ্রম করেছেন। কিন্তু আজ সেই শিল্পের সামনেই একের পর এক সংকট। কোথাও উৎপাদন ব্যাহত হচ্ছে, কোথাও কারখানার চাকা বন্ধ, কোথাও শ্রমিক অসন্তোষ, আবার কোথাও বিদেশি ক্রেতারা অর্ডার সরিয়ে নিচ্ছেন প্রতিযোগী দেশে। প্রশ্ন হচ্ছে, আমরা কি শুধু আন্দোলন, মজুরি, উৎপাদন খরচ আর সাময়িক সমঝোতার হিসাব করব, নাকি বাংলাদেশের পোশাকশিল্প আদৌ টিকে থাকবে কি না, সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হব?
২৭ নভেম্বর ২০২৬ প্রকাশিত রয়টার্সের এক প্রতিবেদনে বাংলাদেশের পোশাকশিল্পের জন্য উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। শ্রমিক অসন্তোষ, উৎপাদন ব্যাহত হওয়া, জ্বালানি সংকট ও বাড়তি ব্যয়ের প্রেক্ষাপটে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো বাংলাদেশ থেকে প্রায় ২৫৪ মিলিয়ন ডলারের পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে এসব অর্ডারের বড় অংশ ভারতে গেছে বলে সংশ্লিষ্ট কারখানামালিকদের বক্তব্য। একই প্রতিবেদনে বিজিএমইএর হিসাব উদ্ধৃত করে উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০০ মিলিয়ন ডলারের বেশি হওয়ার কথা বলা হয়েছে। এসব তথ্য শুধু একটি সময়ের ব্যবসায়িক ক্ষতির হিসাব নয়; এগুলো বাংলাদেশের শিল্প প্রতিযোগিতার সক্ষমতা নিয়ে বড় সতর্কবার্তা। আজ যে অর্ডার অন্য দেশে যাচ্ছে, আগামীকাল সেই ক্রেতা আর ফিরে আসবেন কি না, তার নিশ্চয়তা কোথায়?
আমি শিল্প পরিচালনার সঙ্গে দীর্ঘদিন সরাসরি যুক্ত ছিলাম। একটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি। ডাইং ফ্যাক্টরিও চেয়ারম্যানের দায়িত্ব করেছি। ফলে শিল্পের হিসাব আমি কেবল কাগজে কলমে বুঝি না; উৎপাদন, কাঁচামাল, গ্যাস, বিদ্যুৎ, ব্যাংকঋণ, শ্রমিকের বেতন, ক্রেতার চাপ, সময়মতো পণ্য সরবরাহ এবং বাজারের প্রতিযোগিতা এসবের বাস্তব চাপ কাছ থেকে দেখেছি। শিল্পপ্রতিষ্ঠান চালাতে প্রতিদিন কত ধরনের সংকট মোকাবিলা করতে হয়, তা উদ্যোক্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মানুষ ছাড়া অনেকের পক্ষে উপলব্ধি করা কঠিন। আমাদের পরিচালনাধীন এখলাছ গ্রুপও আজ বন্ধ। এটি আমার কাছে কেবল একটি প্রতিষ্ঠানের বন্ধ হয়ে যাওয়ার ঘটনা নয়; দেশের শিল্প খাতের কঠিন বাস্তবতার একটি ব্যক্তিগত অভিজ্ঞতা। আমার জানা ও দেখা এমন বহু শিল্পপ্রতিষ্ঠান রয়েছে, যেগুলো একসময় কর্মচঞ্চল ছিল, বহু মানুষের জীবিকার ব্যবস্থা করত, অথচ নানা সংকটে ধুঁকতে ধুঁকতে বন্ধ হয়ে গেছে। গার্মেন্টসসহ বিভিন্ন শিল্পে এই বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই।
শ্রমিকের ন্যায্য মজুরি নিয়ে আমার কোনো বিরোধ নেই। একজন শ্রমিক সারাদিন পরিশ্রম করে যে অর্থ উপার্জন করেন, তা দিয়ে তাঁর পরিবার চলবে, সন্তানদের পড়াশোনা হবে, চিকিৎসা হবে এটাই স্বাভাবিক প্রত্যাশা। মূল্যস্ফীতির বাজারে জীবনযাত্রার ব্যয় বেড়েছে, তাই শ্রমিকের আয় বাড়ানোর প্রয়োজনীয়তাও অস্বীকার করা যায় না। কিন্তু মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার সময় শিল্পের সামগ্রিক আর্থিক সক্ষমতা, উৎপাদন ব্যয়, আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা এবং ক্রেতাদের মূল্য দেওয়ার প্রবণতাও বিবেচনায় নিতে হবে। শুধু একটি সংখ্যা ঘোষণা করলেই শ্রমিকের জীবনমান নিশ্চিত হয় না। যে কারখানা উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়, সেখানে বেতন বাড়ানোর প্রশ্নই থাকে না; বরং শ্রমিক তাঁর চাকরিটিও হারান। শিল্প টিকিয়ে রাখা এবং শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এই দুটি বিষয়কে পরস্পরের প্রতিপক্ষ বানানো আত্মঘাতী হবে।
বাংলাদেশের পোশাকশিল্প এমন এক আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করছে, যেখানে ক্রেতারা প্রতিটি পয়সার হিসাব করেন। তাঁরা পণ্যের মান, দাম, উৎপাদন খরচ, সময়মতো সরবরাহ এবং ব্যবসায়িক স্থিতিশীলতা সবকিছু বিচার করে অর্ডার দেন। বাংলাদেশে উৎপাদন ব্যয় বাড়লে, কারখানা বন্ধ থাকলে কিংবা নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা সম্ভব না হলে ক্রেতা বিকল্প দেশ খুঁজবেন, এটাই বাজারের বাস্তবতা। ভারত, ভিয়েতনাম, চীন, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া কিংবা অন্য প্রতিযোগী দেশগুলো বাংলাদেশের জন্য অপেক্ষা করে বসে নেই। আমাদের কারখানায় অস্থিরতা তৈরি হলে তাদের জন্য নতুন সুযোগ তৈরি হয়। একবার কোনো আন্তর্জাতিক ব্র্যান্ড অন্য দেশে নির্ভরযোগ্য সরবরাহব্যবস্থা গড়ে তুললে তাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনা সহজ হবে না।
আরও একটি বড় সমস্যা উৎপাদনের সময়সীমা। আন্তর্জাতিক বাজারে দ্রুত পণ্য সরবরাহ এখন প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ শর্ত। কোনো কোনো প্রতিযোগী দেশ ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পণ্য সরবরাহ করতে পারলে বাংলাদেশের কারখানাগুলোকে দীর্ঘ সময় নিতে হয় কেন, সেটিও পর্যালোচনা করা জরুরি। শুধু শ্রমিকের কর্মঘণ্টা বা উৎপাদনের গতি বাড়িয়ে এ সমস্যার সমাধান হবে না। বন্দরের জট, কাস্টমস প্রক্রিয়া, কাঁচামাল আমদানির সময়, ব্যাংকিং জটিলতা, পরিবহন, গ্যাস ও বিদ্যুতের অনিশ্চয়তা সবকিছু মিলিয়ে উৎপাদন ব্যবস্থাকে দক্ষ করতে হবে। শিল্পের প্রতিটি ধাপে অদক্ষতা ও বিলম্বের মূল্য শেষ পর্যন্ত উদ্যোক্তা এবং শ্রমিক উভয়কেই দিতে হয়।
শ্রমিক অসন্তোষের পেছনে যেমন ন্যায্য দাবি, বেতন বকেয়া, কর্মপরিবেশ কিংবা ব্যবস্থাপনার ব্যর্থতা থাকতে পারে, তেমনি শিল্পপ্রতিষ্ঠানের আর্থিক সংকটও বাস্তব। সব কারখানার অবস্থা এক নয়। কোনো প্রতিষ্ঠান লাভ করছে, কোনোটি লোকসানে চলছে, কোনোটি ব্যাংকঋণ ও উৎপাদন ব্যয়ের চাপে টিকে থাকার চেষ্টা করছে। তাই সবার জন্য একই বাস্তবতা ধরে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। যেসব প্রতিষ্ঠান শ্রমিকের বেতন দিতে সক্ষম, তাদের অবশ্যই নিয়মিত বেতন পরিশোধ, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে। আবার যেসব প্রতিষ্ঠান প্রকৃত আর্থিক সংকটে রয়েছে, তাদের সমস্যা যাচাই করে প্রয়োজনীয় সহায়তা ও পুনর্গঠনের ব্যবস্থা করতে হবে। দাবি আদায়ের নামে কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ, উৎপাদন বন্ধ কিংবা সড়ক অবরোধ কোনো পক্ষের জন্যই দীর্ঘমেয়াদে কল্যাণকর নয়। এতে অর্ডার চলে যায়, কর্মসংস্থান কমে এবং ক্ষতিগ্রস্ত হয় দেশের ভাবমূর্তি।
এখানে সরকারের দায়িত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পপ্রতিষ্ঠানকে শুধু কর, ঋণ ও নিয়মকানুনের আওতায় রেখে শিল্পায়ন সম্ভব নয়। গ্যাস ও বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ, ঋণের সুদ ও আর্থিক চাপের বাস্তবসম্মত সমাধান, বন্দর ব্যবস্থাপনার উন্নয়ন, আমদানি প্রক্রিয়া সহজ করা এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপত্তা, চিকিৎসা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। শিল্প বন্ধ হয়ে গেলে শুধু উদ্যোক্তার পুঁজি হারায় না; শ্রমিকের পরিবার, স্থানীয় ব্যবসা, পরিবহন, কাঁচামাল সরবরাহকারী এবং ব্যাংকিং খাতও ক্ষতিগ্রস্ত হয়। একটি কারখানার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু মানুষের জীবিকা জড়িত থাকে। তাই শিল্প বন্ধ হওয়ার অর্থনীতিগত প্রভাব অনেক বিস্তৃত।
এখন প্রয়োজন আবেগনির্ভর বক্তব্য নয়, তথ্যভিত্তিক জাতীয় শিল্পনীতি। কতটি কারখানা চালু, কতটি বন্ধ বা উৎপাদন সীমিত করেছে, কেন অর্ডার অন্য দেশে যাচ্ছে, উৎপাদন খরচের কোন খাতে সবচেয়ে বেশি চাপ, শ্রমিকের বেতন বাড়ানোর পর কোন ধরনের প্রতিষ্ঠান কতটা ঝুঁকিতে এসব তথ্য নিয়ে একটি স্বচ্ছ মূল্যায়ন জরুরি। সরকার, বিজিএমইএ, বিকেএমইএ, শ্রমিক সংগঠন, ব্যাংক, জ্বালানি বিভাগ এবং শিল্প উদ্যোক্তাদের নিয়ে কার্যকর ত্রিপক্ষীয় আলোচনার পাশাপাশি বৃহত্তর সমন্বয় দরকার। শ্রমিকের বেতন ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি কারখানার উৎপাদনক্ষমতা ধরে রাখার পরিকল্পনা নিতে হবে। অর্ডার হারানো ঠেকাতে ক্রেতাদের সঙ্গে আস্থা পুনর্গঠন, পণ্যের বৈচিত্র্য, প্রযুক্তির ব্যবহার, দক্ষতা উন্নয়ন এবং সময়মতো সরবরাহের সক্ষমতা বাড়াতে হবে।
সবচেয়ে বড় কথা, শিল্পকে বাঁচানোর প্রশ্নে কাউকে শত্রু ভাবলে চলবে না। উদ্যোক্তা ও শ্রমিক একে অপরের প্রতিপক্ষ নন; তাঁরা একই শিল্পের দুই অপরিহার্য অংশ। উদ্যোক্তা ছাড়া বিনিয়োগ ও কর্মসংস্থান হবে না, শ্রমিক ছাড়া উৎপাদন হবে না। শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে, আবার উদ্যোক্তার বিনিয়োগ ও উৎপাদন চালিয়ে যাওয়ার পরিবেশও তৈরি করতে হবে। একদিকে কারখানা বন্ধ হবে, অন্যদিকে মজুরি ও কর্মসংস্থানের নিশ্চয়তা থাকবে এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। যে শিল্পের চাকা থেমে যায়, সেখানে অধিকার, উন্নয়ন কিংবা রপ্তানি কোনোটিই টেকসই থাকে না।
বাংলাদেশের পোশাকশিল্পকে আজ তাই একটি কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড়াতে হয়েছে: আমরা কি অর্ডার হারিয়ে প্রতিযোগী দেশগুলোর হাতে বাজার তুলে দেব, নাকি সংকটের কারণগুলো চিহ্নিত করে শিল্পকে নতুন করে শক্তিশালী করব? ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার অন্য দেশে চলে যাওয়ার খবরকে বিচ্ছিন্ন ঘটনা ভেবে উপেক্ষা করার সুযোগ নেই। এটি সতর্কসংকেত। আজ অর্ডার যাচ্ছে, কাল কারখানা বন্ধ হবে, পরশু কর্মসংস্থান হারাবে মানুষ। তখন ক্ষতির হিসাব শুধু উদ্যোক্তার খাতায় থাকবে না, জাতীয় অর্থনীতির ওপরও তার বোঝা পড়বে। শিল্প বাঁচানো মানে কেবল মালিকের স্বার্থ রক্ষা নয়; শিল্প বাঁচানো মানে শ্রমিকের চাকরি, পরিবারের অন্ন, দেশের রপ্তানি আয় এবং ভবিষ্যৎ অর্থনীতিকে রক্ষা করা। এখনই যদি বাস্তবতা বুঝে দায়িত্বশীল সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে একদিন হয়তো আমাদের কারখানা থাকবে, শ্রমিক থাকবে, কিন্তু অর্ডার থাকবে অন্য দেশের হাতে। সেই দিনটি আসার আগেই বাংলাদেশকে জেগে উঠতে হবে।
লেখক :সাংবাদিক ও কলামিস্ট।
