প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সালথায় আ'লীগের লকডাউনের বিরুদ্ধে ঢাকা-খুলনা মহাসড়কে বিএনপির বিক্ষোভ মিছিল
২০২৬ নভেম্বর ২৯ ১৯:০২:১৮
সালথা প্রতিনিধি : আওয়ামী লীগের ডাকা লকডাউনের বিরুদ্ধে ঢাকা-খুলনা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আজ রবিবার সকাল থেকে উপজেলার চন্ডীবর্দী বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্লা, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্যসচিব এনায়েত হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নেতৃত্বে নানা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন তারা। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তারা।
তারা আরও বলেন, আওয়ামী লীগের ডাকা লকডাউনের নামে কোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর নির্দেশনায় তাঁরা রাজপথে থেকে এ কর্মসূচি পালন করছেন। দেশের সম্পদ ও জননিরাপত্তা রক্ষায় যেকোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
(এএন/এসপি/নভেম্বর ২৯, ২০২৬)
