ঢাকা, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বগুড়ায় মৃত ব্যক্তির নামে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলার মামলা

২০২৬ নভেম্বর ২৯ ১৯:০৪:৫২
বগুড়ায় মৃত ব্যক্তির নামে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলার মামলা

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ার কাহালুতে গ্রামীণ ব্যাংকের একটি শাখার সামনে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় তিন বছর আগে মারা যাওয়া এস এম গোলাম কিবরিয়াকে আসামি করার অভিযোগ উঠেছে। ২০২৩ সালের ১৩ নভেম্বর মৃত্যুবরণ করা কিবরিয়ার নাম মামলার এজাহারের ১০৯ নম্বরে রয়েছে। তিনি মুরইল ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ছিলেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর রাত ১১টার দিকে কাহালু উপজেলার অঘোর মালঞ্চা এলাকায় গ্রামীণ ব্যাংকের মালঞ্চা শাখার সামনে পেট্রলবোমা ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় গত ২৫ নভেম্বর রাতে থানায় মামলা করেন কাহালুর সাবানপুর গ্রামের বাসিন্দা মঞ্জুর রহমান সরদার। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাসহ ৩০৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকিদের অজ্ঞাতনামা হিসেবে রাখা হয়েছে।

মৃত ব্যক্তিকে আসামি করা প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে গোলাম কিবরিয়ার এক স্বজন বলেন, আমার চাচা ২০২৩ সালে মারা গেছেন। মৃত্যুর পর পুরো ইউনিয়নে মাইকিং করে বিষয়টি জানানো হয়েছিল। এরপরও তার নাম মামলার আসামির তালিকায় আসায় আমরা রীতিমতো বিস্মিত।

এ বিষয়ে জানতে চাইলে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, মামলাটি নথিভুক্ত করার পর প্রাথমিক যাচাই-বাছাইয়ে এস এম গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নজরে আসে। পরে তার মৃত্যুসনদ সংগ্রহ করে বিষয়টি আদালতকে জানানো হয়েছে।

(এআরআই/এসপি/নভেম্বর ২৯, ২০২৬)