ঢাকা, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

সাতক্ষীরায় আদালতের গেট থেকে আসামীকে অপহরণের অভিযোগ

মারপিট, টাকা ও সোনার আংটি কেড়ে নেওয়ার অভিযোগ বাদীর বিরুদ্ধে

২০২৬ নভেম্বর ২৯ ১৯:২০:২৬
মারপিট, টাকা ও সোনার আংটি কেড়ে নেওয়ার অভিযোগ বাদীর বিরুদ্ধে

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : মামলায় জামিন পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে বাদীর নেতৃত্বে আসামীকে আদালত ফটক থেকে অপহরণের পর পিটিয়ে জখম করা হয়েছে। এ সময় তার কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা ও একটি সোনার আংটি কেড়ে নেওয়ার পর তিনটি অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে সাক্ষর করে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। গত বৃহষ্পতিবার সাতক্ষীরা জজ আদালতের পকেট গেটের সামনে নজরুল ইসলামের হোটেলের সামনে থেকে এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃতের নাম মোঃ অহিদুজ্জামান। তিনি যশোরের কেশবপুর উপজেলার মীর্জাপুর গ্রামের আব্দুল ওহাব খানের ছেলে।

অহিদুজ্জামান জানান, তিনি ২০০৭ সাল থেকে ২০২৩ সালের ২০ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ছিলেন। সেখানে ব্যবসায়িক কারণে ২০১৭ সালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের কাশেম আলী মোড়লের ছেলে জাহাঙ্গীর আলমের সাথে পরিচয় হয়। তার কাছ থেকে কেনা মাল ত্রুটিপূর্ণ হওয়ায় টাকা বন্ধ করে দিলে জাহাঙ্গীর আলম স্থানীয় থানায় অভিযোগ করেন। একপর্যায়ে বিচারে তাকে জেল খেটে বাড়ি ফিরতে হয়। এ ছাড়া হুমকি ধামকি দেওয়ায় তিনি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২০১৮ সালের ১৮ জানুয়ারি অভিযোগ করেন। ২০২৪ সালের ২০ নভেম্বর পর্যন্ত ভিসা থাকার পরও তিনি এক বছর আগে দেশে ফিরে আসেন। মালয়েশিয়ার জের ধরে জাহাঙ্গীর আলমের সাথে তার নতুন করে বিরোধ শুরু হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর আলম তার (অহিদুজ্জামান) সাক্ষর জালিয়াতি করে নন জুডিশিয়াল স্টাম্পে একটি চুক্তিপত্র তৈরি করে কাছে সাড়ে নয় লাখ টাকা পাওনা দাবি করে গত বছরের ৪ অক্টোবর সাতক্ষীরার আমলী-৪ নং আদালতে একটি প্রতারণার মামলা দায়ের করেন।

বিচারক তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। পুলিশ তদন্ত করে বাদির অভিযোগের সত্যতার সাপেক্ষে প্রতিবেদন দাখিল করলে আদালত তাকে গত ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য সমন জারির নির্দেশ দেন। তবে তিনি মামলার কাগজপত্র তুলে নন জুডিশিয়াল স্টাম্পে সাক্ষর জালিয়াতির অভিযোগে গত ২২ নভেম্বর সাতক্ষীরার জেষ্ঠ্য বিচারিক হাকিম-২য় আদালতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রতারণার মামলা করলে বিচারক তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

অহিদুজ্জামান আরো জানান, গত বৃহষ্পতিবার তিনি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক মেহেদী হাসান আগামি ৭ জানুয়ারি পর্যন্ত ৫০০ টাকা বণ্ডে অন্তবর্তীকালিন জামিন দেন। জামিন শুনানীকালে তিনি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাক্ষর জালিয়াতির অভিযোগ করেন। বিচারক তখন উভয়পক্ষকে আগামি ধার্য তারিখে নিজ নিজ পাসপোর্ট আদালতে হাজির করতে বলেন।

অহিদুজ্জামান অভিযোগ করে বলেন, বৃহষ্পতিবার আদালতে বেলব-ে সাক্ষর শেষে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তিনি আইনজীবী সমিতির পিছনের ভবনের পকেট গেট দিয়ে বের হন। এ সময় তার সঙ্গে আইনজীবী সহকারি মোঃ সবুজ হোসেন নজরুল ইসলামের হোটেলের সামনে উপস্থিত হলে বাদি জাহাঙ্গীরের হুকুমে কয়েকজন তাকে কয়েকটি কিল ও চড় মারে। একপর্যায়ে তাকে জোরপূর্বক একটি ইজিবাইকে তুলে শহরের সার্কিট হাউজ মোড়ে নিয়ে আসা হয়। সেখানে জাহাঙ্গীরের ভাড়া করা লোকজনরা তাকে একটি গলির মধ্যে ঢুকিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। তার পরিহিত সকল জামা, গেঞ্জি ও প্যান্ট ছিঁড়ে ফেলা হয়। এরপর তার কাছ থেকে নগদ পাঁচ হাজার টাকা ও একটি সোনার আংটি কেড়ে নিয়ে তিনটি অলিখিত নন জুডিশিয়াল স্টাম্পে সাক্ষর করানোর চেষ্টার একপর্যায়ে স্থানীয় লোকজন জানতে পেরে ছুঁটে এলে অপহরণকারিরা পালিয়ে যায়। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন। তার আইনজীবী জেলা আইনজীবীর সমিতির সভাপতি অ্যাড. মিজানুর রহমান পিণ্টুকে অবহিত করে তারই নির্দেশনা অনুযায়ি তাৎক্ষণিক বিচারক মেহেদী হাসানকে অবহিত করেন।

সাক্ষর জালিয়াতির মামলা থেকে বাঁচতে জাহাঙ্গীর আলম তাকে পরিকল্পিত অপহরণ করে তার কাছ থেকে অলিখিত নন জুডিশিয়াল স্টাম্পে সাক্ষর নেওয়ার চেষ্টা করেছিলো বলে অভিযোগ করেন তিনি।
সাতক্ষীরা সার্কিট হাউজ মোড়ের জনৈক শিহাব হোসেন এ প্রতিবেদককে জানান, জাহাঙ্গীর আলম এখানে নতুন বাড়ি বাড়ি বানিয়েছেন। তিনি কলারোয়া উপজেলার যুগিখালি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচন করতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তাকেসহ পাড়ার কয়েকজনকে কিছু টাকার বিনিময়ে ভাড়া করে কোর্টের গেটে নিয়ে যান। জাহাঙ্গীরের অভিযোগটি সত্য নয় বুঝতে পেরে তিনি সেখান থেকে চলে আসেন। তবে অহিদুজ্জামানের টাকা ও সোনার আংটি কে নিয়েছে তা তিনি জানেন না।
সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী অ্যাড. আশরাফুল আলম বাবু জানান, আদালতে বিচার চেয়ে মামলা করার পর বাদি আসামীকে আদালতের ফটক থেকে অপহরণ করে মারিপট করে টাকা ও সোনার আংটি ছিনতাই কোনভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরণের ঘটনা মাঝে মাঝে ঘটছে মর্মে তাদের কানে আসছে। এ ব্যাপারে আইনজীবী সমিতিকে কঠোর উদ্যোগ নেওয়ার আহবান জানান তিনি।

এ বাপারে জাহাঙ্গীর আলমের সঙ্গে রবিবার দুপুরে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।

(আরকে/এসপি/নভেম্বর ২৯, ২০২৬)